ঘূর্ণিঝড়ের শঙ্কায় গাইবান্ধার আমনচাষিরা, পাকা ধান ঘরে তোলার তাড়া

সংবাদ থেকে
গাইবান্ধা: মাঠজুড়ে পাকা আমন ধান। কোথাও ধান কাটার প্রস্তুতি, কোথাও চলছে ধান ঘরে তোলার কাজ। এমন সময়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য প্রভাবে বৈরী আবহাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন গাইবান্ধার কৃষকেরা। বিশেষ করে জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আমনচাষিদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। তাদের আশঙ্কা, ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে মাঠের পাকা ধান হেলে পড়লে কিংবা জমিতে পানি জমলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে সারাদিন গাইবান্ধার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সূর্যের দেখা মেলেনি বললেই চলে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে রামচন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, অনেক জমির আমন ধান পেকে হলুদ বর্ণ ধারণ করেছে। কোথাও কৃষকেরা ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন, আবার কোথাও পাকা ধান দ্রুত ঘরে তোলার চেষ্টা করছেন।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে। অনেক কৃষকের জমিতে ধান পাকার উপযুক্ত সময় হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবে বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে মাঠের ধান রক্ষা করা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে নিচু জমিতে পানি জমলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদনও কমে যেতে পারে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗