
ভারতে মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় ছাত্রশক্তির বিক্ষোভ
প্রবাহ রিপোর্ট : ভারতের আসামে বাঙালি মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। এ সময় বক্তারা ভারতের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধ, সীমান্তে বাংলাদেশি আখ্যা দিয়ে মুসলিমদের পুশ-ইন বন্ধ এবং তাদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও শক্ত ও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তাঁরা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, সাম্প্রদায়িক রাষ্ট্র ভারত আমাদের অসাম্প্রদায়িকতার সবক দিতে আসে। ভারতের হিন্দুত্ববাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী, যাদের কাছে কোনো সংখ্যালঘুই নিরাপদ নয়, তাদের কাছ থেকে আমাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই।
তিনি আরো বলেন, ভারত এই অঞ্চলের নতুন ইসরায়েলে পরিণত হয়েছে। দেশটি বর্ণবাদী নীতি ব্যবহার করে ইসরায়েলি কায়দায় জাতিগত নিধন চালাচ্ছে। এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতের তাবেদারি বন্ধ করে সীমান্তে পুশ-ইন এবং বাংলাদেশি আখ্যা দিয়ে মুসলিমদের নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবি জানান। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, ঢাকা পৃথিবীর সব নিপীড়িত ও নির্যাতিত জাতির কণ্ঠস্বর হয়ে উঠবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗