নবীগঞ্জে সরকারি গোপাট ও খাল রক্ষার দাবিতে কৃষকদের আবেদন ॥ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইউএনওর
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় সরকারি গোপাট ও খাল সংরক্ষণ এবং কৃষিকাজ, পানি সেচ ও হাওরের ধান পরিবহনে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন বৈলাকীপুর ও আশপাশের এলাকার কৃষক-গ্রামবাসী। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দুই শতাধিক গ্রামবাসী ও কৃষক উপস্থিত হয়ে শতাধিক স্বাক্ষরসংবলিত এ আবেদন জমা দেন। আবেদন পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আবেদনে উল্লেখ করা হয়, নবীগঞ্জ উপজেলার ৭ নম্বর করগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈলাকীপুর গ্রাম ও আশপাশের এলাকার মানুষের কৃষিকাজ, বোরো জমিতে পানি সেচ, গবাদিপশুর চলাচল এবং মকারহাওরে উৎপাদিত ধান ঘরে তোলার কাজে সংশ্লিষ্ট সরকারি গোপাট ও খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলাকাবাসীর দাবি, এটি নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের হাওরের ফসল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। আবেদনকারীদের অভিযোগ, একটি মহল নিজেদের স্বার্থে ওই গোপাট ও খালের স্বাভাবিক ব্যবহার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এতে কৃষিকাজ, হাওরের ধান পরিবহন এবং এলাকাবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে তাঁরা আবেদনে উল্লেখ করেন। এ অবস্থায় জনস্বার্থ বিবেচনায় সরকারি গোপাট ও খালটি সংরক্ষণ, অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং জনসাধারণের নির্বিঘ্ন ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
আবেদনে সংশ্লিষ্ট জমির পরিচিতি হিসেবে উল্লেখ করা হয়েছে- মৌজা: বড় সাখোয়া, জে.এল. নম্বর: ৭৬, আরএস খতিয়ান নম্বর: ১ এবং আরএস দাগ নম্বর: ৫১৭২; জমির শ্রেণি গোপাট। আবেদন জমা দেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗