
স্বাস্থ্যখাতে আ.লীগ ব্যাপক লুটপাট করেছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যখাতে বিগত আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আনা ১৮ কোটি টাকার এমআরআই মেশিন এখন ভাঙারি বোর্ড, এখন সেগুলো বিক্রি করে বাদাম কিনে খেতে হবে। একজন চিকিৎসককেও প্রশিক্ষিত করেনি। পর্যাপ্ত পরিমাণ নার্স নেয়নি। শয্যা সংখ্যা বৃদ্ধি করেনি। লোকবল না থাকা সত্ত্বেও টাকা মারার জন্য মেশিন এনেছে। লোকবল নাই, সেই মেশিন ফেলে রেখেছে।
বুধবার জেলার কসবায় মোবাইল হেলথ ক্লিনিকের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। কসবা ও আখাউড়া উপজেলার দরিদ্র জনগোষ্ঠির জন্য শক্তি ফাউন্ডেশন ও রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মোবাইল হেলথ ক্লিনিক চালু করা হয়েছে। এ উপলক্ষে কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা এখন রেডিওথেরাপির মেশিন আনছি। এজন্য লোকবল আগেই প্রস্তুত করে ফেলেছি৷ কিন্তু তারা (আওয়ামী লীগ) সেটা করেনি। খুলনায় ফেলে রেখেছে ১৮ কোটি টাকার মেশিন। বাংকার ছাড়া এমআরআই হয় না। বাংকার নাই, অথচ মেশিন এনেছে টাকা খাওয়ার জন্য।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

