
মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
লেনোভোর মালিকানাধীন চীনের স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান মটোরোলা তাদের নতুন ফোল্ডেবল ফোন ‘মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭’ বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে। এটি মূলত একটি চওড়া বা বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন হতে যাচ্ছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ ডাটাবেসে এক্সটি২৭৬১-১ মডেল নম্বরসহ ফোনটি তালিকাভুক্ত হয়েছে। এই সনদের মাধ্যমে স্মার্টফোনটির অফিসিয়াল নাম নিশ্চিত হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাজারে এটি দ্রুত উন্মোচনের সম্ভাবনা জোরদার হলো।
টিডিআরএ সনদে দেখা পাওয়ার আগেই গীকবেঞ্চ ডাটাবেসে ফোনটির তথ্য উন্মোচিত হয়েছিল। সেই তালিকা অনুযায়ী, চালিকাশক্তি হিসেবে এই ফোল্ডেবল ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর। এর সাথে ১২ গিগাবাইট র্যাম এবং অ্যানড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ফোনটি প্যান্টোন ধনিয়া (কোরিয়্যান্ডার) এবং প্যান্টোন ডার্ক বোটানিক্যাল গার্ডেন—এই দুটি বিশেষ রঙে বাজারে আসতে পারে। সেখানে ১২ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ সংস্করণের সম্ভাব্য দাম ১,৫১০.৯০ ইউরো উল্লেখ করা হয়েছিল, যা বাংলাদেশি টাকায় রূপান্তর করলে দাঁড়ায় আনুমানিক ২ লাখ টাকার কাছাকাছি। তবে প্রাতিষ্ঠানিক ছবি বা নকশা সংক্রান্ত তথ্যের বদলে সেখানে সাময়িক ছবি থাকায় প্রাথমিক এই দাম ও তথ্যের ওপর পুরোপুরি নির্ভর না করার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

