
অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল: রাসিক প্রশাসক
স্টাফ রিপোর্টার: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে গতকাল রোববার বিকেলে রাজশাহী শিশু একাডেমিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের নতুন নতুন ধারণা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের দক্ষতা অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ গঠনে সম্পৃক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নগরবাসীকে সাথে নিয়ে রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর ও সম্ভাবনাময় নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপিসিও-এর সিনিয়র ম্যানেজার লোটাস চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুরুল কাদির, কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্প্য, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন এবং রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু। এর আগে নগরীর সিএন্ডবি মোড় থেকে রাজশাহী শিশু একাডেমি পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জাতীয় সংগীত পরিবেশন, অতিথিদের ফুল ও উত্তরীয় প্রদান এবং প্রধান অতিথিকে সম্মাননা স্মারক হস্তান্তরের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে যুব ও শিশু ফোরামের সদস্যদের অংশগ্রহণে উদ্বোধনী নৃত্য, দেশাত্মবোধক গান ও নাটিকা পরিবেশিত হয়। অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তা, যুব প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

