
ইউজিসির হালনাগাদ তথ্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবার আসন ৬৩৬৫৬টি
স্টাফ রিপোর্টার: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেশের উচ্চশিক্ষায় ভর্তিতে আসন সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত রবিবার (১ নভেম্বর) দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের আসন সংক্রান্ত এই হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজসমূহ মিলে প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে, যা উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ মোট শিক্ষার্থীর সংখ্যার দ্বিগুণেরও বেশি।
গত শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অন্যদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত প্রতিষ্ঠান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে মোট আসনসংখ্যা ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗