
শ্রমিকদের ওপর দমন-পীড়ন বন্ধ করেন: সাইফুল হক
নিউজ ডেস্ক: ঢাকা, আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ওপর পুলিশ ও বিজিবির হামলা, লাঠিপেটা ও নির্যাতনের নিন্দা জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক শ্রমিকদের ওপর দমন-পীড়ন বন্ধ করে আলোচনার মাধ্যমে দ্রুত তাঁদের বেঁচে থাকার মতো ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন।
সাইফুল হক বলেন, শ্রমিকদের বেঁচে থাকার ন্যায্য দাবি ও স্বতঃস্ফূর্ত আন্দোলনকে কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্র হিসেবে দেখিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের ন্যায্য দাবিকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে এর যৌক্তিকতা নষ্ট করা যাবে না। তবে শ্রমিকদের এই আন্দোলন যাতে কোনো অপশক্তি নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারেও তাঁদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, পোশাকশিল্পের জন্য সম্প্রতি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনাও চলছে। এ অবস্থায় সংকট সমাধানে শ্রমিকদের শান্ত, সংযত ও ধৈর্য ধারণ করতে হবে। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখা এ সংকটের সমাধান নয়। বরং সরকার, মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস তৈরি করা জরুরি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗