টাঙ্গাইলে গাঁজা নিয়ে হবিগঞ্জের দুই যুবকসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনের বাড়ি হবিগঞ্জ জেলায়। গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঘাটাইল উপজেলার কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-হবিগঞ্জ জেলার সাকিবুল হাসান রনি (২৫) ও মো. রায়হান উদ্দিন (৩০), নারায়ণগঞ্জ জেলার সোনিয়া (৩৮) এবং পিরোজপুর জেলার মোছা. বন্যা আক্তার (২৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানাধীন কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর একপর্যায়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আকন্দ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। সন্দেহভাজন যাত্রীদের নামিয়ে তল্লাশি করলে তাঁদের দেখানো ও বের করে দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের লকারে থাকা তিনটি ট্রাভেল লাগেজ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ তাঁদের টাঙ্গাইলের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗