
১৪২তম ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন
বিশেষ প্রতিনিধি: সম্প্রতি ঢাকার সাভারস্থ বিসিএস লাইভস্টক একাডেমির মসজিদ সংলগ্ন মাঠে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিসিএস (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাগণের ১৪২তম ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প, ২০২৬-২০২৭ এর ৫১ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উল্লেখিত বিভিন্ন ক্যাটাগরির ৫৯ জন বিসিএস ক্যাডার অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি প্রশিক্ষণে অংশ নেওয়া সংশ্লিষ্ট বিসিএস ক্যাডারগণের উদ্দেশ্যে বলেন- ভূমির সাথে দেশের সকলের কম-বেশি সম্পৃক্ততা রয়েছে। তাই ভূমি সেক্টর সম্পর্কে সকল সেক্টরের ক্যাডারগণের ধারণা থাকা জরুরি এবং দেশের সার্বিক কল্যাণের দিক বিবেচনায় সকল সেক্টরের অফিসারগণকে একে অপরের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করা উচিত। এই প্রশিক্ষণ কর্মশালা হতে প্রাপ্ত জ্ঞান আপনারা ভবিষ্যতে সিনিয়র হিসেবে আপনাদের জুনিয়র কর্মকর্তাদের মাঝে তুলে ধরবেন। তিনি পর্যায়ক্রমে অন্যান্য সেক্টরের বিসিএস ক্যাডারগণের সমন্বয়ে এ ধরনের আরও প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। দেশের অধিকাংশ সাব-রেজিস্ট্রারগণ দূর্নীতিপ্রবণ, উপস্থিত সাংবাদিকগণের এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন- সবাই মনে করেন দেশের সাব-রেজিস্ট্রারগণ ভূমি মন্ত্রণালয়ের অধীনে। এ কারণে সবাই সাব-রেজিস্ট্রারগণের দূর্নীতি ও অনিয়মের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে অভিযোগ করেন। কিন্তু বাস্তবে- সাব-রেজিস্ট্রারগণ আইন মন্ত্রণালয়ের অধীন। তাই নিরুপায় হয়ে প্রতিমন্ত্রী আরও বলেন- অভিযোগ পাওয়ার পর সেগুলো সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়ে রেফার করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
