রাজধানীতে ট্রাক চাপায় প্রাণ গেল আজমিরীগঞ্জের জাকির
স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পোস্তগোলায় ট্রাকচাপায় আজমিরীগঞ্জ উপজেলার জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরেক চালক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে পোস্তগোলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের একটি চায়ের দোকানে উঠে যায়। এতে চার-পাঁচটি অস্থায়ী দোকান সম্পূর্ণ গুঁড়িয়ে যায়। এ সময় ট্রাকের চাপায় জাকির হোসেন নিহত হন এবং সিএনজিচালিত অটোরিকশার অপর এক চালক আহত হন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকদের বরাত দিয়ে জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
