
জালে ৯ লাখ টাকার বিশাল মাছ, এক রাতেই জেলের ভাগ্য বদল!
সাগরে জাল ফেললেই সব জেলের ভাগ্য খোলে না, তবে কক্সবাজারের এক জেলের ক্ষেত্রে যেন রূপকথার গল্পের মতোই ঘটে গেল। সাগরে মাছ ধরতে গিয়ে তাঁর জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বিশাল আকৃতির একটি ‘কালো পোয়া’ বা পোপা মাছ, যা স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ৯ লাখ ১০ হাজার টাকায়। হঠাৎ পাওয়া এই বড় অঙ্কের অর্থে জেলে আনিস ও তাঁর পরিবারে এখন বইছে আনন্দের জোয়ার।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টেকপাড়ার বাসিন্দা জেলে আনিসের জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় ফিশারি ঘাটে মাছটি নিয়ে আসার সঙ্গে সঙ্গেই বিরল প্রজাতির এই বিশালকায় মাছটি একনজর দেখতে ভিড় জমান কৌতূহলী মানুষ। পরে নিলামের মাধ্যমে টেকপাড়ার এক স্থানীয় মৎস্য ব্যবসায়ী ৯ লাখ ১০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
মৎস্য গবেষকদের মতে, এই মাছের মূল আকর্ষণ এর পেটের ভেতরে থাকা অত্যন্ত মূল্যবান বায়ুথলি বা ‘সাঁতার থলি’ (Swim Bladder)। হংকং, চীন, জাপান ও থাইল্যান্ডের মতো দেশগুলোতে এই থলির রয়েছে আকাশচুম্বী চাহিদা। মূলত সার্জিক্যাল সুতা, উচ্চমানের প্রসাধনসামগ্রী এবং জীবনরক্ষাকারী বিভিন্ন ভেষজ ওষুধ তৈরিতে কাঁচামাল হিসেবে এই থলি ব্যবহার করা হয়। গভীর সমুদ্রের এই মাছ সচরাচর জালে ধরা পড়ে না এবং এর ভেতরের থলির মান ও ওজনের ওপর ভিত্তি করেই আন্তর্জাতিক বাজারে এই চড়া দাম নির্ধারিত হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗