
রাজশাহীতে মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মব কালচার, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম, মাদক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ, সাইবার অপরাধ, গুজব এবং অনলাইন অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেয়া হয়।
এ ছাড়া অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, জ্বালানি সংকট মোকাবিলায় নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা এবং ফ্যামিলি ও কৃষক কার্ডের তালিকা প্রণয়ন ও বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং রাজশাহী মহানগরীতে যানজট নিরসনে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗