
ময়মনসিংহ শহীদ সাগর চত্বরে প্রতিকৃতিতে আগুন, সহযোদ্ধাদের আমরণ অনশন
ময়মনসিংহ নগরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকার তিন রাস্তার মোড়ে অবস্থিত শহীদ সাগর চত্বরে জুলাই আন্দোলনের শহীদ সাগরের প্রতিকৃতিতে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শহীদ সাগরের সহযোদ্ধারা আমরণ অনশন শুরু করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রাতের কোনো এক সময়ে শহীদ সাগর চত্বরে থাকা সাগরের প্রতিকৃতিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারীরা জানান, ত্রিশাল বাসস্ট্যান্ডের সামনে নিয়মিত পুলিশের একটি পিকআপ ডিউটিতে থাকলেও ঘটনার রাতে ওই এলাকায় পুলিশের কোনো উপস্থিতি ছিল না। এলাকাটিকে একটি সংবেদনশীল পয়েন্ট উল্লেখ করে তারা বলেন, যখনই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তখনই সংশ্লিষ্ট পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। প্রশাসনের এমন নিষ্ক্রিয়তা ও দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
প্রতিকৃতিতে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে শহীদ সাগরের সহযোদ্ধারা জানান, যত দিন পর্যন্ত এই ‘আগুন সন্ত্রাসী’ ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা না হবে এবং এর পেছনে কার বা কাদের ইন্ধন রয়েছে সেই রহস্য উন্মোচিত না হবে, তত দিন তাদের এই আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗