
নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে খুন টিভি উপস্থাপিকা, স্বামী আটক
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসা থেকে এক নারী সংবাদ উপস্থাপিকার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ এবং ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বিকালের দিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা রোডে নিজ বাড়ির শোয়ার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাবিয়া আহসান (৪১) পাকিস্তানের স্বনামধন্য সংবাদমাধ্যম ‘৯২ নিউজ’-এ উপস্থাপিকা হিসেবে কর্মরত ছিলেন এবং তার স্বামী আহসান তাহির ‘ওভারসিজ পাকিস্তানিস ফাউন্ডেশন’-এর (ওপিএফ) ডেপুটি ডিরেক্টর পদে দায়িত্ব পালন করছেন। এই দম্পতির দুই কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার বিকাল ৩টার দিকে নিহতের মা ও বোন বাড়ির সামনের লনে অবস্থান করছিলেন। হঠাৎ ঘরের ভেতর থেকে গুলির শব্দ শুনে নিহতের বোন আলউইনা দৌড়ে শোয়ার ঘরে প্রবেশ করেন। সেখানে তিনি রাবিয়াকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন এবং তার স্বামী তাহিরের হাতে পিস্তল দেখতে পান। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘সামা’ ও ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী আহসান তাহির স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে জব্দ করা ওই আগ্নেয়াস্ত্রটির কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

