
চুনারুঘাট সাতছড়ি উদ্যান সড়কে বেপরোয়া যান চলাচলে প্রাণের ঝুঁকি
লাখাই প্রতিনিধি ॥ চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে যানবাহনের বেপরোয়া চলাচলে বন্যপ্রাণী মারা যাচ্ছে এবং পর্যটক ও স্থানীয় মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত সর্বোচ্চ ঘণ্টায় ২০ কিলোমিটার গতিসীমা অনেক চালক মানছেন না বলে স্থানীয়দের ভাষ্য। গত ৫ নভেম্বর উদ্যানের মসজিদের পাশে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় একটি বানর মারা যায়। এর আগে ৩১ অক্টোবর চণ্ডীছড়া এলাকায় মাথায় আঘাতের চিহ্নসহ আরেকটি মৃত বানর পাওয়া যায়। স্থানীয়দের মতে, ভারী ট্রাক ও মোটরসাইকেলের দ্রুত চলাচলে বানর, সাপ ও খরগোশসহ বিভিন্ন বন্যপ্রাণী দুর্ঘটনার শিকার হচ্ছে। সাতছড়ি, রামগঙ্গা ও চণ্ডীছড়া এলাকায় আসা পর্যটকদের জন্যও সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জার মনিরুল করিম জানান, সচেতনতা বাড়াতে মানববন্ধন ও লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হবে। চুনারুঘাটের ইউএনও গালিব চৌধুরী বলেন, বন বিভাগের সঙ্গে সমন্বয়ে গতিনিয়ন্ত্রণে প্রয়োজনে মোবাইল কোর্ট, নির্দেশনামূলক সাইনবোর্ড এবং বন্যপ্রাণীর বিকল্প পারাপারের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗