
গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তান্ডব
গোপালগঞ্জ প্রতিনিধি ঃ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধের ঘটনাকে কেন্দ্র লগি-বৈঠার মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশের গাড়িতে আগুন ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির অফিস ভাঙচুর করা হয়। এতে পুরো জেলা অবরুদ্ধ হয়ে পড়ে। বিভিন্ন সময় বন্ধ হয়ে যায় ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল। রাতভর চলে ককটেল বিস্ফোরণের ঘটনা।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধের সহিংসতা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। এসব ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। ৭টি মোটরসাইকেল জব্দ করেছে এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে জড়ো হন। সেখানে তারা গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় তাঁদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগে, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও জড়ো হয়ে লগি-বৈঠার মিছিল বের করেন। পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির অফিস ভাঙচুর করে নেতাকর্মীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনার পর গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
