
বরেন্দ্র অঞ্চলে পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি
স্টাফ রিপোর্টার: বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আকতার জাহান। তিনি বলেছেন, প্রচলিত আইন মেনে দীর্ঘমেয়াদি, টেকসই ও কার্যকর উদ্যোগ নিতে হবে। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার রাজশাহীর নানকিং দরবার হলে আয়োজিত বিভাগীয় গণতান্ত্রিক সংলাপ ও যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী ও নওগাঁ জেলায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় এনগেজ প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংলাপে রাজশাহী ও নওগাঁ জেলার ৪০ জন সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন। তাঁরা জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সৃষ্ট নানা সংকট তুলে ধরেন। এর মধ্যে রয়েছে পানির সংকট, বিকল্প পানির উৎসের অভাব, খাসপুকুর ভরাট ও ইজারা, অপরিকল্পিত সেচের মাধ্যমে ভূগর্ভস্থ পানির অপচয়, ইটভাটার দূষণ এবং পলিথিন ও প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার। এসব সমস্যা সমাধানে বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগের পাশাপাশি টেকসই উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন অংশগ্রহণকারীরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

