
দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় ২০ হাজার পেশাদার চালকের দক্ষতা বাড়াতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। আগামী রবিবার (১৫ নভেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন।
প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্যাপী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) নামের দুটি প্রকল্পের আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে। বিআরটিসির চলমান এই কর্মসূচির অংশ হিসেবেই রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗