স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী : স্মৃতি বড়ো বেদনার
তসলিমউদ্দিন চৌধুরী- পত্রিকা সম্পাদক, স্থপতি ও ব্যবসায়ী, শিল্প-সাহিত্যের অনুরাগী, চট্টগ্রামের উন্নয়নের জন্য লড়াকু সৈনিক কোন পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেন জানি না। তবে আচরণে সৌজন্যে, বিনয়ে এবং মুখে মৃদু হাসি, মাথায় বিশেষ কালো টুপি-প্রথম দর্শনে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসতো। তাঁর সাথে আমার পরিচয় ভায়রা ভাইয়ের মেয়ের ভাসুর হিসেবে। বয়সে আমার বছরখানেক বড় হলেও আমাকে খালু বলে সম্বোধন করতো। চট্টলদরদী মোহাম্মদ ইউসুফ চৌধুরীর ছোট ছেলে ডা. রমিজের সাথে জামাই হিসেবে যে সম্পর্ক হওয়ার কথা তার চেয়ে বেশি ঘনিষ্ঠতা রূপ নিলেও পরিবারের আর কারো সাথে তেমনি একটি সম্পর্ক গড়ে ওঠেনি। শুধু ব্যতিক্রম ছিল তসলিমউদ্দিন চৌধুরী। দেখা হওয়ার সুযোগ খুব একটা ছিল না। তিন-চার বার দেখা হয়েছিল; একবার আমার ভায়রা ভাই মো. ইসহাকের মৃত্যুদিন ও আর তিনবার সামাজিক অনুষ্ঠানে। তার মধ্যে দুটি স্মৃতি আমার মনে বিশেষভাবে গেঁথে আছে।
প্রথমটি বিয়ের অনুষ্ঠানে, ভেন্যু ছিল একটি চাইনিজ রেস্টুরেন্টে। আমি বসেছিলাম টেবিলের একপাশে, উনি বসেছিলেন আর একপাশে। মাঝখানে বিশ থেকে পঁচিশ জন বসেছিল। উনি আমাকে দেখে দ্রুত চেয়ার ছেড়ে উঠে আমার কাছে আসলেন। সৌজন্য বিনিময়ের পর আমরা দুজন প্রায় দাঁড়িয়ে আধা ঘণ্টা কথা বললাম। আমার মনে হয়েছিল ওনার সাথে বহুদিনের পরিচয়। তিনি ছিলেন একজন দিলখোলা মানুষ। হৃদয় উজাড় করে দিয়ে মানুষের সাথে কথা বলতেন। তবুও তিনি আমার মতো এক অখ্যাত লোকের সাথে নিজের সিট ছেড়ে উঠে এসে আমার সাথে কথা বলায় আমি নিজেকে খুব সম্মানিত বোধ করেছিলাম। এই স্মৃতি এখনো আমার কাছে জীবন্ত হয়ে আছে।
দৈনিক পূর্বকোণ চট্টগ্রামের একটি আধুনিক পত্রিকা, যা ঢাকার অনেক পত্রিকার চেয়েও সবদিক থেকে এগিয়ে। আমি মনে করি, এর উপ-সম্পাদকীয় বিভাগ বাংলাদেশের মধ্যে সেরা। ১৯৮৬ সালে মরহুম ইউসুফ চৌধুরী প্রতিষ্ঠিত বহুল প্রচারিত এই পত্রিকার সম্পাদকের দায়িত্বভার ১৯৮৯ সালে গ্রহণ করেন স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী। পিতার যোগ্যসন্তান হিসেবে অসুস্থ শরীর নিয়েও এর মান বজায় রেখেছিলেন। প্রচারসংখ্যাও ধরে রেখেছিলেন। চট্টগ্রামে অনেক পত্রিকা এসেছে আবার কিছুদিন পরে বন্ধও হয়ে গিয়েছে। সেই দিক থেকে আজাদী এবং পূর্বকোণের পরবর্তী বংশধররা সফলভাবে চালিয়ে নিতে পেরেছেন। এটাও কম কৃতিত্ব নয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

