
নিজ বাড়িতে আগুন ও সংসদীয় বিতর্ক নিয়ে সংসদে এমপি নুসরাতের ক্ষোভ
ঢাকা: কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই নাশকতার ঘটনাকে লঘু করে দেখানোর প্রবণতা এবং তদন্ত চলাকালে দায়িত্বশীল ব্যক্তিদের মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন।
রোববার ( ১৫ নভেম্বর ) সংসদ অধিবেশনে ঘটনার বিবরণ তুলে ধরে নুসরাত তাবাসসুম জানান, গত ১২ নভেম্বর রাতের প্রথম প্রহরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে আমার পৈতৃক বসতবাড়িতে প্রতিপক্ষ সন্ত্রাসীরা আগুন দেয়। এই আগুন সন্ত্রাসের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি। প্রথমত, নিজের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় এবং দ্বিতীয়ত, সংসদের ভেতরে সহকর্মীদের একটি অংশের এই নাশকতাকে লঘু বা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা আমাকে আহত করেছে।
ঘটনার সিসিটিভি ফুটেজের কথা উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, মধ্যরাতে বাড়িতে যখন আগুন দেওয়া হয়, তখন সিসিটিভি ফুটেজে খুব স্পষ্ট দেখা গেছে যে বিস্ফোরণের মতো পুরো আকাশ লাল হয়ে দাউ দাউ করে সারা বাড়িতে একযোগে আগুন জ্বলে উঠেছে। সেই আগুন ও ধোঁয়ার মধ্য থেকে পরিবারের নারী ও শিশুরা দৌড়ে বের হয়ে আসছে এবং অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে। এত স্পষ্ট চাক্ষুষ প্রমাণ থাকার পরেও সংসদের মতো দায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে বাড়িটিকে ‘পরিত্যক্ত’ কিংবা ঘটনাটিকে ‘শর্ট সার্কিটের ফল’ বলে প্রচারের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗