
নবীগঞ্জে রুস্তমপুর টোল প্লাজায় ২ কেজি গাঁজাসহ আটক ১
মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সানাউল্লাহ নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হোসেনের দিকনির্দেশনায় এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জ থানার একদল পুলিশ রুস্তমপুর টোল প্লাজা এলাকায় সন্দেহভাজন বিভিন্ন যানবাহন ও পথচারীদের তল্লাশি চালাচ্ছিল। এ সময় তল্লাশির একপর্যায়ে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সানাউল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা বস্তা ও শরীর তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত সানাউল্লাহ নরসিংদী জেলার রায়পুর থানার সাহেবনগর গ্রামের হানিফা মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকসহ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে নবীগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
