
১২ দিনে সারাদেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ : ৭৪ পরিবহনে আগুন
প্রবাহ রিপোর্ট ঃ সারাদেশে গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৬৩ জনকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ১২ দিনে সারাদেশে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি গাড়িও ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
একই সময়ে বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে কতটি মামলা হয়েছে, তা পুলিশের দেওয়া তথ্যে আলাদাভাবে উল্লেখ করা হয়নি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
