
মাধবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে সম্পাদক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়াসহ বিভিন্ন চা বাগানের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করার জেরে সাংবাদিক শাহ্ হুমায়ূন কবির (৬৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে তেলিয়াপাড়া বাগান কর্তৃপক্ষ। পরে তাকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
সিনিয়র এই সাংবাদিক হবিগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ‘হবিগঞ্জের খবর’-এর সম্পাদক ও প্রকাশক। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত মো. সুরুজ আলী শাহের ছেলে। তিনি তেলিয়াপাড়াসহ ন্যাশনাল টি কোম্পানীর বিভিন্ন চা-বাগানের অনিয়ম-দুর্নীতি এবং শ্রমিকদের অধিকার নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ ও যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছিলেন। তার এই কল্পিত চাঁদাবাজি ও গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সাংবাদিকরা বলছেন, মামলায় মাসিক ৫ হাজার টাকা চাঁদা দাবির ঘটনাটি হাস্যকর। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁকে আদালতে প্রেরণ করা হলে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) তেলিয়াপাড়া চা-বাগানে সংবাদ সংগ্রহ করতে গেলে বাগানের তাঁকে আটক করা হয়। হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে চা-বাগানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, শ্রমিকদের অধিকার ও বঞ্চনার বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। ন্যাশনাল টি কোম্পানিসহ বিভিন্ন চা-বাগানের কথিত অনিয়ম এবং শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করেছেন তিনি। এসব সংবাদ প্রকাশের জের ধরেই তাঁকে প্রধান করণিকসহ লোকজন পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন শাহ্ হুমায়ুন কবির। তেলিয়াপাড়া চা-বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী বাদী হয়ে মাধবপুর থানায় মামলাটি করেন। তবে মামলার অভিযোগে ভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুর গাছের সামনে সড়কে বাগানের ব্যবস্থাপকের কাছে মাসে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানি সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রকাশ এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
