
নবীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের কাণ্ড ॥ ২০ লাখ টাকার মালামাল চুরি থানায় মামলা দায়ের
মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার প্রাণকেন্দ্র শেরপুর রোডে একটি ব্যবসা প্রতিষ্ঠানের শার্টারের তালা কেটে ২০ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে চুরির দৃশ্য এবং এক চোরের অবয়ব ধরা পড়লেও এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. সামছু মিয়া নবীগঞ্জ বাজারের শেরপুর রোডস্থ ‘ঢাকা স্যানিটারি অ্যান্ড টাইলস’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। প্রতিদিনের ন্যায় গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ব্যবসায়ী সামছু মিয়া দোকানের কার্যক্রম শেষ করে তালা লাগিয়ে বাসায় চলে যান। পরদিন ১৯ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে কর্মনি সরকার দোকানে গিয়ে দেখতে পান শাটারের তালা কাটা। ভেতরে প্রবেশ করে তিনি দেখেন দোকানের অনেক মালামাল নেই এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান দোকানের মালিক সামছু মিয়া। এরপর তিনি দোকানে স্থাপিত মোবাইল সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন।
ফুটেজে দেখা যায়, গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ১২টা ৫৪ মিনিটের দিকে অজ্ঞাতনামা এক চোর রাতের আঁধারে শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করে। সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যায়, চোরটি দোকান থেকে ২০০ কার্টুন মেটালের মাল (তানভীর, শরীফ কোম্পানির) নিয়ে যাচ্ছে, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী, চোরটির পরনে ছিল চেকের লুঙ্গি, কালো টি-শার্ট এবং মাথায় সাদা ক্যাপ। তার গায়ের রঙ কালো এবং আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗