
আইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী
স্টাফ রিপোর্টার: ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়ন, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামো সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
শনিবার সকাল ১০টায় রাজশাহীর হড়গ্রাম পূর্বপাড়ায় অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সংগঠনটির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। ভূমিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বের উন্নত দেশগুলোর অগ্রগতির পেছনে দক্ষ প্রকৌশলীদের বড় ভূমিকা রয়েছে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং কারিগরি অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, দেশের উন্নয়নে নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারীদের কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। মন্ত্রী আরও বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক কর্মবাজারে কাজের সুযোগ বাড়াতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। আইডিইবির অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে সম্ভাব্য জায়গা খুঁজে বের করার উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের বিষয়েও তিনি আশ্বাস দেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗