থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন

সংবাদ থেকে
বান্দরবানের থানচিতে উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে (প্রবারণা পূর্ণিমা) উদ্যাপিত হয়েছে। গত ২৫ অক্টোবর শুরু হওয়া এ উৎসব বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়। এতে উপজেলার প্রায় ১১৫টি মারমা গ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন।
উৎসব উপলক্ষে বর্ণাঢ্য ক্কলোমপঙ্খি রথ শোভাযাত্রা বের করা হয়। পরে সাঙ্গু নদীতে রথ বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া ধর্মদেশনা, পশ্চম শীল ও অষ্টম শীল গ্রহণ, পবিত্র ত্রিপিটক পাঠ, পিণ্ডদান, পিঠা তৈরি, ঘিলা খেলা, হাজার প্রদীপ প্রজ্বালন, ফানুস ওড়ানো, টাকার কল্পতরু দান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী জাইকহ্ নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়। উৎসবের অংশ হিসেবে ফুটবল খেলারও আয়োজন করে উদ্যাপন কমিটি।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পার্বত্য অঞ্চলের মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা ও বড়ুয়া সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে বা প্রবারণা পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে ক্কলোমপঙ্খি রথ তৈরি, শোভাযাত্রা, সাংগু নদের রথ বিসর্জন, ফানুস ওড়ানো, বাহারি পিঠা তৈরি, হাজার প্রদীপ প্রজ্বালন, বৌদ্ধ ভিক্ষু, উপাসক ও উপাসিকাদের ছোয়াইন (ভোজন) দান, বুদ্ধস্নান এবং গৌতম বুদ্ধের বাণী ও ধর্মদেশনা পাঠসহ নানা আয়োজন করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





