নবীগঞ্জ সরকারী হাসাপাতালের ৪ লাখ টাকার ঔষধ আত্মসাতের অভিযোগ
সংবাদ থেকে
মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ৪ লাখ টাকার সরকারী ঔষধ আত্মসাতের দায়ে ট্রাক চালাক ও হেলপারকে পুলিশে দিলেন কর্তৃপক্ষ। ঘটনাটি এলাকায় আলোড়ন ও রহস্যেও সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে হাসপাতালের স্টোরকিপার স্বর্না দাশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য সরকারী ঔষধ এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড, সাত রাস্তার মোড়, তেজগাওঁ ঢাকা থেকে আনার জন্য স্টোরকিপার স্বর্না দাশ ট্রাক চালক অনুপ দেবনাথ’কে ভাড়ায় আনেন। তার সাথে হেলপার মোঃ সজিব ছিল। তাদের ট্রাক নং-ঢাকা মেট্রো-ড-১১-৭৪৫০ গাড়ীতে ৪টি চালানের ঔষধ সামগ্রী চালক ও হেলপারকে বুঝিয়ে দিলে তারা লোড করেন। ১০ নভেম্বর দিবাগত রাত ১২ টার দিকে গাড়ীটি উপজেলা হাসপাতালে পৌছে ঔষধপত্র সরকারী গোডাউনে নামানোর পর ১২৮৩০ নং চালানের ফেরাস ফিউমারেট + ফলিক এসিড ৭০০০ ট্যাব, চালান নং-১০৮১৪৭ এর পেন্টুপ্রাজল ২০ এমজি ৩ কার্টুন প্রায় ৪ লাখ ৫৩০ টাকার মাল বুঝিয়ে দিতে ব্যর্থ হন। বিষয়টি নিয়ে চালক ও স্টোরকিপারের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি দিলে কর্তৃপক্ষ পুলিশকে খবর দিয়ে চালক যশোর সদরের নলভাঙ্গা বেজপাড়া এলাকার অশোক দেবনাথের ছেলে অনুপ দেবনাথ (৩৭) ও একই জেলার জিকলগাছা থানার হাজিরআলী গ্রামের খোকন মিয়ার ছেলে সজিব মিয়া (৩০) কে থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। পরে স্টোরকিপার স্বর্না দাশ মঙ্গলবার বাদী হয়ে অজ্ঞাতনামাসহ চালক ও হেলপারের বিরুদ্ধে সরকারী ঔষধ আত্মসাতের মামলা (নং-০৯) দায়ের করেন। গতকাল বুধবার (১১ নভেম্বর) সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ট্রাক চালক অনুপ দেবনাথ জানান, তাদেরও বিরুদ্ধে আনিত অভিযোগ সাজানো। স্টোরকিপার নিজে বাচাঁর জন্য আমাদেরকে ফাসিঁয়েছেন। তিনি আরও বলেন, আমাদেরকে যা বুঝিয়ে দেয়া হয়েছে, আমরা তাই বহন করে দিয়েছি। এ ব্যাপারে স্টোরকিপার স্বর্না দাশ বলেন, তিনি নিজে ঢাকায় অবস্থান করে উক্ত চালক ও হেলপারের নিকট চালান মোতাবেক ঔষধ বুঝিয়ে দেন। কিন্তু নবীগঞ্জ হাসপাতালে পৌছার পর ৪ কার্টুন ঔষধ বুঝিয়ে দিতে পারেন নি। এতে সরকারের প্রায় ৪ লাখ টাকার ঔষধ বেহাত হয়েছে। তাদের কথা বার্তায় অসংলগ্ন ও সন্দেহ দেখা দিলে কর্তৃপক্ষের অনুমতিতে মামলা দেয়া হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হোসেন জানান, এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না এবং আত্মসাৎকৃত ঔষধ উদ্ধারে তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



