
প্যাকেটজাত খাদ্যে সতর্কবার্তা প্রচারে দেশব্যাপী ২ মাসের কর্মসূচি শুরু
প্যাকেটজাত খাদ্য ও পানীয়তে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বির উপস্থিতি সহজে শনাক্ত করতে মোড়কের সামনে সতর্কবার্তা সংবলিত লেবেল চালুর বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো দুই মাসব্যাপী গণমাধ্যমভিত্তিক প্রচারণা কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, কোয়ালিশন ফর হেলদি ফুড এবং সেন্টার ফর ল অ্যান্ড পলিসি এফেয়ার্স যৌথভাবে এ আয়োজন করে। সরকারের সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়নের উদ্যোগে সহায়তা এবং এ বিষয়ে জনসমর্থন তৈরিও কর্মসূচিটির অন্যতম লক্ষ্য।
আয়োজকেরা জানান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে দেশে অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ। হৃদরোগ ও টাইপ-২ ডায়াবেটিস এসব রোগের মধ্যে উল্লেখযোগ্য। অন্যদিকে, বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের প্রায় ৩১ দশমিক ৮ শতাংশ অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন এবং ১৩ দশমিক ৪ শতাংশ স্থূলতায় আক্রান্ত। অতিরিক্ত ওজন ও স্থূলতা হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

