
মোবাইলে আসক্তি, ক্লাসে অনীহা, চট্টগ্রামে ইংরেজিতেই ফেল ৩৪ হাজার
এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার পাস করেছে মাত্র ৫২ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী। গত ১৫ বছরের মধ্যে এটি বোর্ডটির সর্বনিম্ন পাসের হার। পরীক্ষায় অংশ নেওয়া ৯৬ হাজার ৩৩৫ জনের মধ্যে ফেল করেছে ৪৬ হাজার ১৭৩ জন। অর্থাৎ প্রায় অর্ধেক শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। সবচেয়ে বেশি বিপর্যয় দেখা গেছে ইংরেজিতে। এ বিষয়ে ফেল করেছে ৩৪ হাজার ১৭৭ জন। বিভাগভিত্তিক ফলেও বড় বৈষম্য দেখা গেছে। বিজ্ঞানে পাসের হার ৭৪ দশমিক ৪২ শতাংশ হলেও মানবিকে তা নেমে এসেছে ৩৮ দশমিক ৩৬ শতাংশে।
শিক্ষার্থীদের ভাষাগত দুর্বলতা, প্রয়োগনির্ভর প্রশ্নের উত্তর দিতে না পারা এবং সামগ্রিক প্রস্তুতির ঘাটতিকে ফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের মতে, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অনুপস্থিতি ও মোবাইল ফোনে আসক্তিও খারাপ ফলের পেছনে ভূমিকা রেখেছে।
বোর্ডের ফলাফল অনুযায়ী, এবার মোট ৯৬ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫০ হাজার ১৬২ জন। ফেল করেছে ৪৬ হাজার ১৭৩ জন, যা মোট পরীক্ষার্থীর ৪৭ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ হাজার ৯২৯ জন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

