
কর্ণফুলী তীরে অবৈধ ইটভাটা চলছে পরিবেশ অধিদপ্তরের নজরদারিতে!
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, নেই ইটভাটা নির্মাণের বৈধ অনুমোদনও। তিন দিন আগে ভ্রাম্যমাণ আদালত মাটি উত্তোলন করে স্তূপ করে রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু জরিমানা ও নির্দেশ—কোনোটিই থামাতে পারেনি চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদীর তীরঘেঁষে গড়ে ওঠা ডিঅ্যান্ডসি ব্রিকসকে। এখনো চলছে মাটি কাটা ও ইটভাটার অন্যান্য কাজ। চিমনি, মাটি সব প্রস্তুত; বাকি শুধু ইট পোড়ানো। ৫০ হাজার টাকা জরিমানা দিয়েই যেন দায় শেষ! অথচ ইটভাটাটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না পরিবেশ অধিদপ্তরও।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপন বা পরিচালনা করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। অন্যদিকে, পরিবেশগত ছাড়পত্র ছাড়া স্থাপনের অপরাধেও পরিবেশ সংরক্ষণ আইনে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
পরিবেশ অধিদপ্তর বলছে, ইটভাটাটি তাদের নজরদারিতে রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় সেখানে অভিযান চালানো যাচ্ছে না। অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান বলেন, ইটভাটাটির কাজ চালিয়ে যাওয়ার তথ্য তাঁরা পেয়েছেন। কার্যালয়ের একজন কর্মকর্তা সেটি পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আবারও অভিযান চালানো হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


