
রূপসায় সারের পর্যাপ্ত মজুদ, নির্বিঘ্ন আবাদের স্বপ্নে বিভোর কৃষক
এইচ এম রোকন, রূপসা (খুলনা)ঃ আসন্ন রবি মৌসুমের চাষাবাদ নিবির্ঘ্ন রাখতে রূপসা উপজেলায় পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সারের মজুদ গড়ে তোলা হয়েছে। বর্তমানে উপজেলার ডিলারদের গুদামে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি মিলিয়ে মোট ২০৯ মেট্রিক টন সার মজুদ রয়েছে। মৌসুমের শুরুতেই কোনো প্রকার ভোগান্তি ছাড়া এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার হাতে পেয়ে স্থানীয় কৃষকদের চোখেমুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের প্রণোদনার কারণে চলতি রবি মৌসুমে রূপসা উপজেলায় বোরো ধান, সরিষা, আলু এবং শীতকালীন সবজির আবাদ গত বছরের তুলনায় অনেকটা বৃদ্ধি পাবে। উপজেলার চাহিদার বিপরীতে সারের পর্যাপ্ত বরাদ্দ থাকায় ডিলার পয়েন্টগুলোতে সারের কোনো ঘাটতি নেই। মোট মজুদকৃত ২০৯ মেট্রিক টন সারের মধ্যে ইউরিয়া ৪২ মেট্রিক টন, টিএসপি ৮৫ মেট্রিক টন, ডিএপি ৫৭ মেট্রিক টন এবং এমওপি ২৫ মেট্রিক টন মজুদ রয়েছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট। ফলে পুরো মৌসুমজুড়ে সারের কোনো কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা নেই।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার ও ডিলার পয়েন্ট ঘুরে দেখা গেছে, কৃষকরা কোনো প্রকার বাড়তি খরচ ছাড়াই সরকার নির্ধারিত মূল্যে (কৃষক পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ২৭ টাকা, টিএসপি ২৭ টাকা, ডিএপি ২১ টাকা এবং এমওপি ২০ টাকা) স্বাচ্ছন্দ্যে সার সংগ্রহ করছেন।উপজেলার নৈহাটি ইউনিয়নের কৃষক বারেক বলেন, রবি মৌসুমের শুরুতে সার সংগ্রহ নিয়ে প্রতিবার কিছুটা দুশ্চিন্তা থাকলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ডিলারের দোকান থেকে নির্ধারিত সরকারি দামেই চাহিদামতো সার পেয়েছি। সঠিক সময়ে সার পাওয়ায় এবার ফসলের বাম্পার ফলন নিয়ে আমরা বেশ আশাবাদী। সারের সরবরাহ স্বাভাবিক থাকার বিষয়ে কাজদিয়া বাজারের বিসিআইসি সার ডিলার মো. শাহ নিয়াজ মাকদুম জানান, কৃষি অফিসের নিয়মিত তদারকিতে বরাদ্দ অনুযায়ী সার উত্তোলন করা হচ্ছে। গুদামে পর্যাপ্ত সার থাকায় কৃষকদের চাহিদামতো সরকারি দামে সার সরবরাহ করা সম্ভব হচ্ছে।এ বিষয়ে রূপসা উপজেলা কৃষি অফিসার তরুন কুমার বালা জানান, আসন্ন রবি মৌসুমের লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলায় পর্যাপ্ত সার মজুদ ও বরাদ্দ রয়েছে। কৃষকরা যাতে সরকার নির্ধারিত মূল্যে ও সঠিক সময়ে সার পান, সেজন্য কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত বাজার ও ডিলার পয়েন্ট তদারকি করা হচ্ছে। কেউ সারের কৃত্রিম সংকট তৈরি বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

