
শাকিবের ‘মহব্বত’-এ কিয়ারা!
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্রযোজক আরশাদ আদনান যখন ‘মহব্বত’ সিনেমার ঘোষণা দিলেন, তখন থেকেই দর্শক ও অনুরাগীদের কৌতূহল ছিল একটাই এই ছবির নায়িকা কে হচ্ছেন। ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিকে ঘিরে সেই আলোচনার পারদ যেন হঠাৎ করেই আরও চড়ে গেল। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ‘নেক্সট’ লিখেছেন আরশাদ আদনান। ছোট্ট সেই শব্দেই যেন তৈরি হয়েছে বড়সড় কৌতূহল। নেটদুনিয়া থেকে শুরু করে শোবিজ অঙ্গনে অনেকেই ভাবতে শুরু করেছেন, তবে কি এবার শাকিব খানের বিপরীতে ‘মহব্বত’-এ দেখা যাবে কিয়ারা আদভানিকে?
শোবিজ অঙ্গনে অনেক সময় একটি ছোট্ট ইঙ্গিতই বড় আলোচনার জন্ম দেয়। আরশাদ আদনানের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। কিয়ারা আদভানির ছবি আর পাশে ‘নেক্সট’ লেখা এই দুইয়ে মিলে মুহূর্তেই নানা সমীকরণ কষতে শুরু করেছেন সিনেমাপ্রেমীরা। কেউ ভাবছেন এটি সরাসরি ইঙ্গিত, আবার কারও মতে এটি হয়তো কোনো চমকের পূর্বাভাস কিংবা নিছকই আলোচনার নতুন মোড়। তবে এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর এখনো মেলেনি। প্রযোজকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। ফলে জল্পনা-কল্পনার ডালপালা আরও ছড়িয়েছে, আর চূড়ান্ত ঘোষণার জন্য আরেকটু অপেক্ষাই করতে হচ্ছে শাকিবিয়ানদের।
আদনান প্রযোজিত শাকিবের আগের দুটি বড় সিনেমার দিকে তাকালে এই গুঞ্জনে বাড়তি মাত্রা যোগ হয়। ‘প্রিয়তমা’ সিনেমায় পশ্চিমবঙ্গের ইধিকা পাল এবং ‘রাজকুমার’ সিনেমায় মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল। দুটি ছবিতেই ভিন্ন পটভূমি ও পরিচিতির অভিনেত্রীদের নিয়ে দর্শকদের সামনে নতুন চমক এনেছিলেন নির্মাতা ও প্রযোজক। সেই ধারাবাহিকতায় এবার বলিউডের পরিচিত মুখকে ভাবা হচ্ছে কি না, তা নিয়েই চলছে নানা হিসাবনিকাশ। দর্শকদের একাংশ মনে করছেন, বড় ক্যানভাসের সিনেমাগুলোতে নতুন মুখ বা ভিনদেশি তারকাদের যুক্ত করার যে প্রবণতা দেখা গেছে, ‘মহব্বত’ তারই আরেকটি ধাপ হতে পারে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

