
খুলনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩
# আটক করলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পি #
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয় লোকজন। তাদের মধ্যে দুজনকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর লবণচরা থানা এলাকার টেক্সটাইল মিলের সামনে থেকে এবং অন্যজনকে বুধবার (১৮ নভেম্বর) রাতে ময়লাপোতা ইকবালনগর স্কুলের সামনে থেকে আটক করা হয়। লবণচরা থানা এলাকা থেকে আটক দুজন হলেন- বটিয়াঘাটার বাসিন্দা কৌশিক ও ইয়াছিন। তাদের বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে। ইকবালনগর স্কুলের সামনে থেকে আটক বাদল চক্রবর্তী খুলনা সদর থানার টুটপাড়া এলাকার জোড়াকল বাজারের বাসিন্দা। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু জানান, নাশকতা ঠেকাতে দলের নেতাকর্মীরা সারা রাত বিভিন্ন স্থানে পাহারা দিয়েছেন। বৃহস্পতিবার ভোরে তিনি ও জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পি রাস্তায় বের হন। এ সময় চার যুবককে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাদের ধাওয়া করা হয়। তাদের একজন ছাত্রলীগ নেতা চয়ন বলে শনাক্ত হন। তিনি পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়। মন্টুর দাবি, আটক যুবকরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়ে অন্যত্র নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইলফোনে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পি জানান, সকালে মোটরসাইকেলে করে তারা কুদির বটতলা এলাকায় যান। ফেরার পথে তাদের দেখে একটি মোটরসাইকেল দাঁড়িয়ে পড়ে এবং অন্যটি গলির মধ্যে চলে যায়। পরে আটক দুজনের কাছ থেকে জানতে পারেন, বটিয়াঘাটার চয়নের নেতৃত্বে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে পরিত্যক্ত বাসে আগুন দিয়ে অন্যত্র নাশকতার চেষ্টা করছিলেন। তবে আটক ব্যক্তিদের কোনো রাজনৈতিক পদ-পদবি পাওয়া যায়নি। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আটক কৌশিক ও ইয়াছিন বটিয়াঘাটার বাসিন্দা। তাদের আওয়ামী লীগের কোনো পদ-পদবি নেই। তবে তারা দলটির সমর্থক। আটক ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে তেল নিতে তারা লবণচরা এলাকার একটি পেট্রলপাম্পে এসেছিলেন। সন্দেহ হওয়ায় বিএনপি নেতারা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এদিকে বুধবার রাতে ময়লাপোতা ইকবালনগর স্কুলের সামনে থেকে বাদল চক্রবর্তীকে আটক করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার কোনো দলীয় পদ-পদবি নেই। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
