১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩২

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী

· শিক্ষা

ছনি আহমেদ চৌধুরী ॥ হবিগঞ্জের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন, সংসদ অধিবেশন প্রত্যক্ষ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের বিরল সুযোগ পেয়েছেন। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছের উদ্যোগে আয়োজিত এ শিক্ষা সফরে শিক্ষার্থীরা দেশের রাষ্ট্র পরিচালনা ও আইন প্রণয়নের কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পান। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ৪টি বাসে করে হবিগঞ্জ থেকে ঢাকায় যান শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় সংসদ ভবনে পৌঁছানোর পর তাদের নিয়ে যাওয়া হয় এলডি হলে। সেখানে খাবার গ্রহণ শেষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ঘুরে দেখেন তারা। এ সময় হুইপ জি কে গউছের সঙ্গে স্মৃতিময় ছবি তোলেন শিক্ষার্থীরা। পরে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের জন্য ব্যবহৃত শপথ কক্ষ পরিদর্শন করেন তারা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সফরের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে চকলেট উপহার তুলে দেন। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যও দেন তিনি। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর শিক্ষার্থীরা জাতীয় সংসদের চলমান অধিবেশন প্রত্যক্ষ করেন। দেশের আইন প্রণয়ন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম সরাসরি দেখার অভিজ্ঞতা অর্জন করেন তারা। পরে সংসদ ভবনের পাঠাগারও ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীদের আবদারে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন হুইপ জি কে গউছ। সংসদ অধিবেশন থেকে শিক্ষামন্ত্রীকে হুইপের কার্যালয়ে নিয়ে আসা হলে শিক্ষার্থীরা তাঁর সঙ্গে ছবি তোলেন। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গেও পরিচিত হওয়ার ও ছবি তোলার সুযোগ পান তারা। আয়োজকদের ভাষ্য, হবিগঞ্জের শিক্ষার্থীদের কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে এভাবে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ এর আগে হয়নি। হুইপ জি কে গউছের উদ্যোগেই জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ ব্যতিক্রমী আয়োজন সম্ভব হয়েছে। এমন সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, জাতীয় সংসদ ভবন ঘুরে দেখা, সংসদ অধিবেশন প্রত্যক্ষ করা এবং প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে সরাসরি কথা শোনার অভিজ্ঞতা তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এ আয়োজনের জন্য হুইপ জি কে গউছসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ